‘নবাব এলএলবি’ ছবি নিয়ে আশাবাদী মাহিয়া মাহি

ডিসেম্বরের শুরুতে ওটিটি প্ল্যাটফরম আই থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি। এ ছবিতে নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতে দেখা যাবে এ নায়িকাকে। এতে তিনি আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। ইতিমধ্যে ছবিটির টাইটেল গান প্রকাশিত হয়েছে। তাতে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ভালো ও ইতিবাচক। অন্যান্য ছবি থেকে নতুন এই ছবিটি নিয়ে মাহির প্রত্যাশা তুলনামূলকভাবেই বেশি। মানবজমিনের সঙ্গে আলাপে তিনি এমনটাই জানিয়েছেন। শাকিব খানের মতো তারকা ছবিটিতে থাকায় দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখতে পাচ্ছেন উল্লেখ করে মাহি বলেন, ছবিটা খুব ভালো হয়েছে।
মেগাস্টারের সঙ্গে কাজ করেছি। শুটিং শুরু করার পর থেকেই মানুষজনের মধ্যে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি। আমি ভীষণ আশাবাদী। ছবিটি দর্শকদের ভালো লাগবে আশা করি। ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খান-মাহি ছাড়া আরো অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, রাশেদ মামুন অপু ও শহীদুজ্জামান সেলিম। ‘ভালোবাসা আজকাল’ সিনেমার ৭ বছর পর শাকিব খানের সঙ্গে ছবি করছেন মাহিয়া মাহি। দীর্ঘদিন পর তাদের রসায়ন কেমন হয় সেটিই এখন দেখার অপেক্ষা। এদিকে, প্রেক্ষাগৃহে ছবি মুক্তি না পাওয়া নিয়ে কিছুটা আক্ষেপ ও দুঃখ প্রকাশ করেছেন মাহি। হল ভর্তি দর্শক সিনেমা দেখলে সেটার অনুভূতি অন্যরকম বলে জানান ‘অগ্নি’ খ্যাত এ নায়িকা। কথায় কথায় মাহি সামনের পরিকল্পনা নিয়ে বলেন, খুব বেশি কাজ করার চিন্তা ভাবনা নেই। মানসম্মত কিছু কাজের সঙ্গে যুক্ত হতে চাই। যেগুলো আমাকে দর্শকদের কাছে অনেকদিন বাঁচিয়ে রাখবে। মাহির ‘আশীর্বাদ’ শিরোনামের আরেকটি ছবির কাজ চলমান রয়েছে। এ ছাড়া করোনার কারণে ‘স্বপ্নবাজি’ ছবির কাজ আটকে আছে। ৮ বছর আগে ‘ভালোবাসার রং’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাহির। এরই মধ্যে এ নায়িকা ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *