সাতক্ষীরায় চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার ৩

 

সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলার বাইপাস মোড় ও কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জের শংকরপুর গ্রামের আব্দুর জব্বার তরফদারের ছেলে ইয়ার আলী (৩২), কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের ছেলে শাহিন আলম মোড়ল (৩২) ও জব্বার শেখের ছেলে মহিববুল্যাহ বাবু (২৮)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার লাবসা বাইপাস মোড় হতে ১৭ মামলার আসামি ইয়ার আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এরপর তার স্বীকারোক্তিতে শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবুকে কালিগঞ্জের কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয়।’

প্রেপ্তারের পর স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজত থেকে একটি লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, একটি কালো লাল রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি কালো সাদা ১০০ সিসি হিরো স্পিলিন্ডার প্লাস মোটর সাইকেল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

আমিনুর রহমান বলেন, আসামি ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা, চুরিসহ বিভিন্ন থানায় ১৭ মামলা চলমান রয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিজ্ঞ আদালত হতে জারিকৃত ৫টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে।

সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি, কালিগঞ্জ থানাধীন ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে দস্যুতা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুন্ঠন করে ২ জনকে আহত করা হয়। এই ঘটনায় আসামি ইয়ার আলী জড়িত আছে মর্মে তার সহযোগী আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সোমবার কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *