বৃহস্পতিবার রাতে ঢাকাগামী এমভি ইয়াদ-৩ লঞ্চে অভিযান চালিয়ে জাটকাসহ ১২০ মণ বিভিন্ন প্রজাতির মাছ আটক করেছে প্রশাসন।
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ ঘাটে অভিযান চালিয়ে জাটকাসহ ১২০ মণ বিভিন্ন প্রজাতির মাছ আটক করেছে প্রশাসন। এ সময় ৩ জনকে আটক করা হয়।
নিষেধাজ্ঞাকালীন অভয়াশ্রমে মৎস্য শিকারের অভিযোগে বৃহস্পতিবার রাতে ঢাকাগামী এমভি ইয়াদ-৩ লঞ্চে অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করা হয়। যাত্রীবাহী লঞ্চটির মেহেন্দীগঞ্জ থেকে হিজলা হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করার পাশাপাশি আটক তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালতের বিচারক হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ১২০ মণ মাছ লঞ্চে পাচারকালে আটকের পর দোষীদের অর্থদণ্ড দেয়া হয়েছে।
হিজলা মৎস্য অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিনিয়র মৎস্য কর্মকর্তা আ. হালিমের নেতৃত্বে কোস্টগার্ড ও নৌপুলিশ বৃহস্পতিবার রাত ৯টার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ লঞ্চঘাটে ওই অভিযান পরিচালনা করে। এ সময় এমভি ইয়াদ-৩ লঞ্চ থেকে ১৫ ঝুড়ি ও ২০ ব্যারেল জাটকাসহ নানা ধরনের মাছ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।