নদীগর্ভে বিলীন গৌরনদীর ২ সড়কসহ অর্ধশত বসতবাড়ি

(বরিশাল) সংবাদদাতা ১১ সেপ্টেম্বর, ২০২১

আড়িয়াল খাঁ’র শাখা পালরদী নদীর ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে বরিশালের গৌরনদী পৌর এলাকার নদীপাড়ের দেড় কিলোমিটার এলাকা। গৌরনদী পৌর এলাকার টিকাসার থেকে দিয়াশুর পর্যন্ত নদীপাড়ে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। গত কয়েক মাস যাবত নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধশত ঘর-বাড়ি, অসংখ্য গাছপালা ও ২০০ বছরের প্রাচীনতম গৌরনদীর বন্দর-টিকাসার-দিয়াশুর সড়ক।

ভিটে-মাটি ছাড়া হয়েছেন বহু লোক। বর্তমানে মারাত্মক হুমকির মুখে চরদিয়াশুর গ্রামের ইলমে তাছাওউফ মাদরাসা-মসজিদ ও চরদিয়াশুর–চররমজানপুর সড়ক। ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন নদীপাড়ের বাসিন্দারা।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, এক সময়ের ব্যস্ততম কাচা সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ায় বিপাকে পরেছেন নদীপাড়ের কয়েকশ’ পরিবার। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে পূর্বাঞ্চলের লোকজনের গৌরনদী বন্দরে আসা-যাওয়ার একমাত্র সড়ক ছিল এটি। তখন দৈনিক কয়েক হাজার লোক পায়ে হেঁটে দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়কে গৌরনদী বন্দরে যাতায়াত করতো। নদী ভাঙ্গনের কারণে সেই সড়কটিও বিলীন হয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে চরদিয়াশুর-চররমজানপুর সড়কের সদাই বেপারী বাড়ি সংলগ্ন এলাকা।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে আমি কয়েকদিন আগে ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *