সিলেটে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা।
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের সাথে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। এর আগে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথেও বৈঠক করেন তারা। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর বুধবার রাত থেকে চলতে শুরু করেছে অটোরিকশা।
সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজনের পুলিশের নির্দেশনা বাতিলসহ ছয় দফা দাবিতে সোমবার (২১ ডিসেম্বর) থেকে ধর্মঘট শুরু করে জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
এদিকে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন শুরুর দাবিতে বুধবার (২৩ ডিসেম্বর) থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছে পাথর সংশ্লিষ্ট সিলেটের ট্রাক মালিক শ্রমিকরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ৭২ ঘন্টার ওই পরিবহন ধর্মঘট শেষ হবে শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে।
সিলেটের সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া হোসেন বলেন, সিলেট মহানগর পুলিশ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।