আমাদের অর্জন:
ভাষা আন্দোলনের স্মরণীয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী’র প্রতি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের শ্রদ্ধা।
২৮ মে ২০২২ শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ঢাকা মহানগর সভাপতি আমজাদ হোসেন এর নেতৃত্বে পল্টন থানা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক লিটন মোস্তফা সহ সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় একটি অ্যাম্বুলেন্সে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে বিকেল ৪টায় মরদেহ জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। পরে বিকেল সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
গত ১৯ মে ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর। বরিশাল জেলার উলানিয়া গ্রামের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন। আবদুল গাফ্ফার চৌধুরী একজন সুপরিচিত বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা।