সম্মেলনের প্রায় ১৩ মাস পর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ কমিটি অনুমোদন দেয়া হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি, তিনজনকে যুগ্ম সম্পাদক ও তিনজনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে এম এ সালামকে সভাপতি ও শেখ আতাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে হাটহাজারীর অধ্যাপক মো. মাঈনুদ্দিন, রাউজানের আবুল কালাম আজাদ, এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাঙ্গুনিয়ার আবুল কাশেম চিশতী, স্বজন কুমার তালুকদার, ফটিকছড়ির ইঞ্জিনিয়ার হারুন, এটিএম পেয়ারুল ইসলাম, সীতাকুন্ডের অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন, সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, মিরসরাইয়ের মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ ও জসীম উদ্দিন।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে মিরসরাইয়ের নুরুল আনোয়ার চৌধুরী বাহার, রাউজানের দেবাশিষ পালিত ও হাটহাজারীর জসীম উদ্দিন শাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে সংসদ সদস্য ফটিকছড়ির খাদিজাতুল আনোয়ার সনি, সীতাকুন্ডের মহিউদ্দিন বাবলু ও রাঙ্গুনিয়ার নজরুল ইসলাম তালুকদারকে দায়িত্ব দেয়া হয়েছে।
জানা যায়, ২০১৯ সালের সম্মেলনের তিনমাস পর সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি কমিটির প্রস্তাবনা পেশ করেন কেন্দ্রে।
কমিটি প্রস্তাবনার পর থেকে উত্তর জেলা আওয়ামী লীগে গ্রুপিং শুরু হয়। একপর্যায়ে বেশ কয়েকজন সিনিয়র নেতা প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে প্রস্তাবিত কমিটি সম্পর্কে আপত্তি জানান। এরপরেই কমিটি গঠন প্রক্রিয়া আটকে যায়। তবে নানা জল্পনাকল্পনা শেষে মঙ্গলবার কেন্দ্র কতৃক এই কমিটি অনুমোদিত হয়।
এ প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদেরকেই দায়িত্ব দেয়া হয়েছে।