টলিউডে ক্রমেই লম্বা হচ্ছে করোনার লিস্ট। এবার করোনা টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হলেন অভিনেতা ও নাট্যকার কৌশিক সেন ও তার স্ত্রী রেশমী সেন।
১০ এপ্রিল করোনা টিকা নিয়েছিলেন কৌশিক সেন ও তার স্ত্রী রেশমী সেন। তাদের দাবি, টিকা নেওয়ার পরে একটু শারীরিক অস্বস্তি অনুভব করেন দুজনেই। ফলে করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন । ১৪ তারিখে করোনা রিপোর্ট পজিটিভ জানা যায় কৌশিকের। ১৮ এপ্রিল করোনা আক্রান্ত হন তার স্ত্রী রেশমীও।
কৌশিক সেন জানিয়েছেন, তারা আইসোলেশনে আছেন। তাদের তেমন কোনও শারীরিক জটিলতাও দেখা দেয়নি। সাধারণ ওষুধপত্র খেয়ে এবং করোনার সুরক্ষাবিধি মেনেই তারা নিজেদের সেল্ফ কোয়ারান্টিনে রেখেছেন। ইতিমধ্যেই বেশ কিছুটা সুস্থও হয়ে উঠেছেন।
করোনা আক্রান্ত হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন কৌশিক সেন। করোনা সংক্রমণের মধ্যেও মোদি এতদিন যেভাবে রাজ্যে এসে প্রচার চালিয়েছেন তার সমালোচনা করেছেন তিনি। বলেন, ‘‘সাধারণ মানুষ কি বুঝতে চাইছেন না, জীবনের থেকে দামি আর কিছুই হতে পারে না?’’
যদিও কভিড পরিস্থিতির কথা বিবেচনা করে শুক্রবার রাজ্যে সশরীরে প্রচারে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এর আগে সংক্রমণের তীব্রতা থাকা সত্বেও একাধিক জায়গায় প্রচার করেছেন তিনি।
তবে কৌশিক সেন ও তার স্ত্রী করোনা আক্রান্ত হলেও তাদের ছেলে ঋদ্ধি সেন এখনও করোনা নেগেটিভ। কৌশিকের বক্তব্য, সচেতনতা না থাকার কারণেই করোনার সেকেন্ড ওয়েভে সংক্রমণ মাত্রা ছাড়িয়ে গিয়েছে। সেই সাথে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কৌশিক।