অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২১
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের মৃত্যুতে গভীর শোকে ভাসছে নেট দুনিয়ার বাসিন্দারা। সাহসী এই বীরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অসংখ্য মানুষ। নিজের জীবন বিপন্ন অবস্থায় ১২৪ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনায় নওশাদকে শ্রদ্ধায় ভাসিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন নেটিজেনরা।
গত শুক্রবার (২৭ আগস্ট) সকালে ওমানের মাস্কাট থেকে শতাধিক যাত্রী নিয়ে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গেই তিনি কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কাছে ফ্লাইটটিকে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি কো-পাইলটের কাছে ফ্লাইটের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। পরে ১২৪ জন যাত্রী নিয়ে নাগপুর বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করান। তারা সবাই নিরাপদে ছিলেন।
ফ্লাইটটি অবতরণের পর ক্যাপ্টেন নওশাদকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রবিবার তাকে হাসপাতালের সার্জিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে
(এসআইসিইউ) কোমায় নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। হার্ট অ্যাটাকের পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ
(সোমবার) বেলা ১১টার দিকে না ফেরার দেশে চলে যান ক্যাপ্টেন নওশাদ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের লাশ যত শিগগিরই সম্ভব দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।