যৌন উত্তেজক সিরাপ ও অস্ত্রসহ যুবলীগের দুই নেতা আটক

ডিবি পুলিশের অভিযানে আটক যুবলীগ নেতা আজমল শেখ ও রাজ আহমেদ রনি।

পাবনা শহরের পৌর এলাকার শালগাড়িয়া মহল্লায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, ছোট শালগাড়িয়া এলাকার মৃত আকু শেখের ছেলে আজমল শেখ (৩৫) ও একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে রাজ আহমেদ রনি (৪০)। আটককৃতরা পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ছোট শালগাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় আজমলকে আটকের পর তল্লাশি করে, তার কোমরে লুকিয়ে রাখা একটি লাইসেন্সবিহীন বিদেশী পিস্তল, ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজমল চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে।

একইরাতে ছোট শালগাড়িয়া এলাকায় জনৈক তালেবের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভাড়াটিয়া রাজ আহমেদ রনির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ, মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও ৫ বোতল স্পিরিটসহ রনিকে আটক করে। এসব ঘটনায় আলাদা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান আরও বলেন, পাবনায় অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কারো ব্যক্তি পরিচয় পুলিশের দেখার বিষয় নয়। অপরাধী হলে তাকে আইনের আওতায় আসতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *