বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ সুন্দরভাবে ভারসাম্য পরিবেশে বেঁচে থাকুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য করোনার মধ্যে বিভিন্ন ধরনের সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এই মহামারির মধ্যেও অনেক ভালো আছে।
বুধবার (৩০ জুন) আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আজকের এই উদ্যোগ। আজ সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যাপক শোরগোল শোনা যায়। কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করার জন্য নিজেদের প্রস্তুতির বিকল্প নেই, এ বিষয়টি বঙ্গবন্ধু আগেই অনুধাবন করেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার সাথে সাথে দেশকে সবুজায়ন, বনায়নের মধ্য দিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। এমনকি উপকূলীয় এলাকায় সবুজায়ন করার উদ্যোগও বঙ্গবন্ধুই নিয়েছিলেন। বঙ্গবন্ধু একজন পরিবেশ প্রেমিক, প্রকৃতি প্রেমিক হিসেবে সবসময় পরিবেশের উন্নয়নের বিষয়টি প্রাধান্য দিতেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয়। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নিশ্চিত করার পাশাপাশি দেশকে সবুজায়নে অসম্ভব সাফল্য দেখিয়েছেন শেখ হাসিনা। তার সুদক্ষ নেতৃত্বে সকল প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গাছ মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ, গরীব মানুষের জন্য গাছ হলো জীবনবিমা। এটি একদিকে ছায়া, ফল ও কাঠ দেয়; অন্যদিকে বিপদের দিনে বিক্রি করে অর্থ সংস্থান করা যায়। বৃক্ষরোপণের আর্থিক লাভের দিকটি জনগণকে জানাতে ও বোঝাতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সকল শ্রেণির মানুষের স্বার্থের সমন্বয় করা জরুরি।
তিনি বলেন, আমরা জীবন ধারণের জন্য যে অক্সিজেন গ্রহণ করি তা বৃক্ষ থেকে পেয়ে থাকি। আর আমাদের নিঃসৃত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে জীবন ও প্রকৃতির মাঝে ভারসাম্য রক্ষা করে বৃক্ষ। আজ করোনাকালে আমরা বুঝতে পেরেছি অক্সিজেনের গুরুত্ব কতখানি। তাই আমাদের অবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্য হল ব্যাপকভাবে বৃক্ষায়নের মাধ্যমে অক্সিজেন ভাণ্ডারকে সমৃদ্ধ করা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষিলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রমুখ।