মারা গেছেন চিত্রনায়িকা সিলভি আজমী চাঁদনী। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়ার একটি হাসপাতালে তিনি মারা যান ((ইন্না লিল্লাহি…রাজিউন)।
সিলভি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।
তিনি জানান, অনেক দিন ধরে থাইরয়েড সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন সিলভি। আর্থিক টানাপোড়েনও পড়েছিলেন তিনি। অভাবের কারণে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। ঢাকার হেলথ কেয়ারে ভর্তি ছিলেন অনেক দিন। এরপর তিনি বগুড়ায় যান এবং সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে চলচ্চিত্রে আসেন সিলভি আজমী চাঁদনী। চলচ্চিত্রে তার যাত্রা শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবি দিয়ে। ছবিটিতে তিনি শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন।
এরপর ২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভি। তবে এ সময় তিনি চাঁদনী নামে পরিচিত হন।
এছাড়াও তিনি নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় ৬টি সিনেমা করেছেন। মান্নান গাজীপুরী পরিচালিত একটি ছবিতেও দেখা গেছে তাকে।
২০১২ সালে ‘বাংলা ভাই’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি আবারও ফিরে আসেন। চাঁদনীর বাবার নাম জহুরুল ইসলাম। পেশায় ব্যবসায়ী এবং বর্তমানে তিনি দেশের বাইরে থাকেন। আর মা শিরিন একজন গৃহিনী। বাবা-মার একমাত্র মেয়ে তিনি।