মুক্তিযোদ্ধা কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টায় মহেশখালী পৌর মেয়র কারাগারে

অনলাইন ডেস্ক ২৬ জানুয়ারি ২০২২

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে (৭০) প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় তালিকাভুক্ত আসামি ও কক্সবাজারের মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৬ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী।

চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া। দুই পক্ষের শুনানি শেষে বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত তার জামিন আবেদন না মন্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তাফা বলেন, মেয়র মকছুদ মিয়া প্রথমে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের চিংড়ি ঘের ডাকাতি ও দখলের চেষ্টা করেন। এ ঘটনার পর পুলিশ মামলা না নেওয়ায় বাধ্য হয়ে কোর্টে মামলা করে ভুক্তভোগী আমজাদ হোসেন। আদালত মামলটি আমলে নিয়ে নথিভুক্ত করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এর জেরে গত ২৪ নভেম্বর রাতে মহেশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলিশান রোডের মোড় এলাকায় মেয়র মকছুদ মিয়া নিজেই কিরিচ হাতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। এ ঘটনায়  মামলা হলেও উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন নেন মেয়র মকছুদ। আদালতের নির্দেশনা মতে বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আদালতে তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বলেন, মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *