ব্রেকিং

পরকীয়া প্রেমিকে বিয়ে করতে দুই ছেলেকে হত্যা, মা

    ওই দুই ছেলের মা রিমা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

সম্প্রতি ‘নাপা সিরাপ সেবনে’ দুই শিশুর মৃত্যুর খবরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। নড়েচড়ে বসে প্রশাসন। ওষুধ প্রশাসন অধিদপ্তর শুরু করে তদন্ত। পুলিশও মাঠে নামে। শেষপর্যন্ত বেরিয়ে আসে ভিন্ন তথ্য। প্রেমিককে বিয়ে করে নতুন সংসারের আশায় দুই ছেলেকে বিষ খাইয়ে ঘটনা ভিন্ন খাতে নিতে নাপা সিরাপের ‘নাটক’ সাজান মা।

এরই মধ্যে হত্যায় ঘটনার বর্ণনা দিয়ে মা রিমা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম বেগম আরেফিন আহমেদ হ্যাপির কাছে জবানবন্দি দেন। এসময় দুই সন্তানকে হত্যার ঘটনায় অনুতপ্ত হন রিমা বেগম।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সময় রিমা বেগমকে অনেকটা বিমর্ষ দেখাচ্ছিল। দুই সন্তানকে হত্যার ঘটনায় তিনি অনুতপ্ত। রিমা এও জানিয়েছেন- তার পরকীয়া প্রেমিকের প্ররোচনায় এই হত্যার ঘটনা ঘটিয়েছেন।

এর আগে ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম- ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫)।

এদিকে এক সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শিশুদের বাবা ইসমাঈল হোসেন শারীরিক প্রতিবন্ধী। তিনি সিলেটে একটি ইটভাটায় শ্রমিকদের গাড়ির টিকিট বিলির কাজ করতেন। প্রায় ১২ বছর আগে বিয়ে করেন রিমাকে। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *