রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন আব্দুল মতিন (৪০), তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), মেয়ে মায়েশা (৯) ও আয়েশা (৫) এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫)। তাঁদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, মতিনের শরীরের ৯২ শতাংশ, ইয়াসমিনের ৯৫ শতাংশ, আয়েশার ৪৬ শতাংশ, মায়েশার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ রায়হান জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুরে। বর্তমানে কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় পরিবার নিয়ে থাকেন। চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। গতরাতে তিনি ওই বাসায়ই তাঁর মায়ের কাছে ছিলেন। তিনি বলেন, আমার মামা আব্দুল মতিন প্রতিদিন বাসায়ই অটোরিকশায় চার্জ দিতেন। রাতে সেই চার্জার থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে তাঁদের ঘুম ভাঙলে চারদিকে আগুন দেখতে পান।
অটোরিকশার চার্জার বিস্ফোরণ দগ্ধ একই পরিবারের পাঁচজন এসেছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ।