ভারতে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড  (বিজিবি) সদস্যরা

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই স্বর্ণের চালানসহ কদম আলীকে আটক করা হয়। কদম আলী যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বেনাপোল কাঁচা বাজারে গোপনে অবস্থান নেয়। এসময় ওই পাচারকারী বেনাপোল কাঁচা বাজার এলাকায় এলে বিজিবি তাকে সন্দেহজনকভাবে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

তিনি আরও জানান, গতকালও বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণের বারসহ মাহফুজ মোল্লা নামে একজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *