আইসিসির প্রধান প্রসিকিউটরের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক

নিউ ইয়র্কে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ও বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক। ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম এ এ খান বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন।

ড. ইউনূস নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফের সঙ্গেও দেখা করেছেন, কৃষি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, দুর্নীতি মোকাবেলা এবং সংস্কার বাস্তবায়নের জন্য ডাচদের সহায়তা চেয়েছেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ডিক ডারবিনের সঙ্গেও বৈঠক করেছেন।

এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া নানা অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন ড. ইউনূস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *