পশ্চিমবঙ্গে নির্বাচন: করোনায় মারা গেলেন কংগ্রেস প্রার্থী রেজাউল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের পশ্চিমবঙ্গের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। গতকাল বুধবার রাতেই তাকে জঙ্গিপুর থেকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে তার।

জানা গেছে, গত দু’দিন থেকে রেজাউল অসুস্থ ছিলেন। তার করোনা পরীক্ষা করা হয়। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে জঙ্গিপুরের বসুমতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

তবে, তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় কলকাতায় রেফার করেন চিকিৎসকরা। বুধবার রাতেই জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয় তাকে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় তার।

গতকাল বুধবার অসুস্থ রেজাউলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান-সহ অনেক নেতা। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে এই প্রথম কোনো প্রার্থীর মৃত্যু হলো। রেজাউলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *