দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সরকার দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ ডিসেম্বর ) স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা আজকে আবারও উদোর-পিন্ডি বুদোড় ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদের পিছনে ফেলে দিতে চায়, নির্যাতন করতে চায়।

তিনি বলেন, এই সরকার একে একে সবকিছুকে ধবংস করেছে। গণতন্ত্রকে ধ্বংস করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে এবং রাষ্ট্রকে এখন তারা বিপন্ন করে ফেলেছে। কৃষকরা তার ধানের ন্যায্য মূল্য পায় না, শ্রমিক তার মজুরি পায় না, ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। এই কোভিডের তথাকথিত প্রণোদনা শুভঙ্করের ফাঁকি।

তিনি বলেন, একাত্তর সালে যুদ্ধের পরে আওয়ামী লীগ দুস্থ মা-শিশুদের দুধ চুরি করে বিক্রি করে দিতো কালো বাজারে। এমন চুরি শুরু হলো যে, মওলানা আবদুল হামিদ খান ভাসানী বললেন যে, আওয়ামী লীগের নাম এখন আর আওয়ামী লীগ নেই, এর নাম নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি।

ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *