বাংলাদেশ বন্ধু সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ বন্ধু সমাজকে জাতীয়করণ করার আহবান বাংলাদেশ বন্ধু সমাজ’র সভাপতি এফ. আহমেদ খান রাজীব 
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বন্ধু সমাজ’র সভাপতি এফ. আহমেদ খান রাজীব বলেন, মানুষের মাঝে বন্ধুত্ব ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য হিংসা-বিদ্বেষ-অহংকার পরিত্যাগ করে ভ্রাতৃত্ব-বন্ধুত্ব-সৌহার্দের মিশ্রণে সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
এজন্য বিভিন্ন দিবসের ন্যায় ২৩ নভেম্বর দিনটি ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ হিসেবে উদযাপন করে আসছি এবং বাংলাদেশসহ পৃথিবীবাসীকে পালনের আহ্বান জানাচ্ছি। এসময় তিনি বাংলাদেশ বন্ধু সমাজকে সাংবিধানিক বৈধতাসহ জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান অথবা জাতীয়করণ করার জন্য শান্তিকামী দেশবাসীর পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সকল নীতি-নির্ধারক মহোদয়গণকে অনুরোধ জানান।
 সোমবার (১০ মে) বিকালে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ বন্ধু সমাজ  আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে ইফতারের আগ মুহুর্তে দেশবাসীসহ পৃথিবীর সকল মানুষের মঙ্গল ও কল্যাণে চলমান করোনা ভাইরাস সংক্রমণ হতে মুক্তির লক্ষ্যে মহান আল্লাহর সু-দৃষ্টি প্রাপ্তিতে দোয়া ও মোনাজাত করা হয়।
দেশবাসীকে ৩১ ডিসেম্বর ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ পালন করার আহ্বান জানিয়ে এফ. আহমেদ খান রাজীব বলেন, মানুষজাতির পক্ষে একযোগে কৃতজ্ঞতা প্রকাশের প্রত্যাশা বাস্তবায়নে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ পালনের জন্য ইতোমধ্যে ঘোষনা দিয়েছি।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৩১ ডিসেম্বর ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’-এ ভালো কর্মের জন্য দেশবরেণ্য ৫০ জন ব্যক্তিকে কৃতজ্ঞতা সম্মাননা পদক উপহার দেয়ার প্রত্যাশাও জ্ঞাপন করছি।
এসময় তিনি বাংলাদেশকে সম্প্রীতি এবং বন্ধুত্বের দেশ গড়ার সহযোগিতায় বাংলাদেশ বন্ধু সমাজ’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেন। পাশাপাশি ওই অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথির আসন অলঙ্করনের প্রত্যাশাও ব্যক্ত করেন এফ.আহমেদ খান রাজীব।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, ভাষা সৈনিক মঞ্জুরুল হক সিকদার, এনামুজ্জামান চৌধুরী, কলমযোদ্ধা লিয়াকত আলী খান,  রাজু আহম্মদ খান, এম. গোলাম মোস্তফা ভুইয়া, সৈয়দ মুইনুজ্জামান লিটু, মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক  ডি এম আমিরুল ইসলাম অমর, এইচ এম মনিরুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *