আমাদের অর্জন ২৪ আগস্ট ২০২১
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমীকে জনসম্মুখে হাজির ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ আবেদন জানান।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গতরাত ১০টায় যাত্রাবাড়ী এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিন ছাত্রনেতাকে তুলে নিয়ে যায়। এখনো পর্যন্ত তাদের কোনো খোজঁ দিচ্ছে না।
তিনি বলেন, ঘটনার পরপরই গতরাতে বিএনপি মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের সন্ধান দাবি করে বিবৃতি দিয়েছেন। কিন্তু এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা অবিলম্বে তাদেরকে জনসম্মুখে হাজির এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।
প্রিন্স বলেন, আওয়ামী সংগঠনগুলো এখন বেপরোয়া, লাগামহীন, উদ্ধত এক মূর্তিমান আতঙ্ক। এদের কারণে বাংলাদেশে এখন ঘাতক ও মৃত্যুরই সহাবস্থান।
তিনি বলেন, কোভিড-১৯ করোনা মহামারীতে মানুষ চরম অসহায় হয়ে পড়লেও সরকার করোনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ তো করছেই না, বরং জোর করে ক্ষমতা ধরে রাখতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেফতার ও তাদের ওপর নির্যাতন বাড়িয়ে দিয়েছে।
প্রিন্স বলেন, দেশ পরিচালনার মতো করোনা মোকাবেলাতেও সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।