সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও কায়সার খসরুকে ওএসডি

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি
সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রায় ৫০০টি উপজেলার ৫০০ জন লোকের মধ্যে সবাই ভালো হবে, সেটা আপনি কীভাবে আশা করেন? আমাদের প্রতি নির্দেশনা আছে তাকে ওএসডি করে নিয়ে এসে তার বিরুদ্ধে আদালত কী ইনস্ট্রাকশন দেন সে অনুযায়ী অ্যাকশন নেওয়ার জন্য।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বলে দিয়েছি, ইমিডিয়েটলি ওএসডি করে নিয়ে আস। যেহেতু বিষয়টি কোর্টে গেছে, কোর্ট থেকে যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেভাবে ব্যবস্থা।
তিনি বলেন, গতকাল কমিশনার কনফারেন্সে আমরা বিষয়টা খুব স্ট্রংলি কমিশনারদের বলে দিয়েছি, কমিশনাররা যে যে জেলাতে যাবেন, সব অফিসারদের সঙ্গে নিয়ে বসবেন। চালচলন, আচার-আচরণ, ব্যবহার এটা তো সাংবাদিকের বিষয় নয়। কারো সঙ্গে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনি যত উপরের দিকে থাকবেন তত মাথা ঠান্ডা রেখে কথা বলতে হবে।
তিনি আরও বলেন, আমি যদি বলি আপনি একজন অসভ্য লোক। দ্যাট ইজ এনাফ। এর পরে কি আজেবাজে কথা বলার দরকার আছে? একটা লোককে যদি আমি খারাপ বলতে চাই, এই লেভেলে দিস ওয়ার্ড ইজ এনাফ। ওই ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করতে হবে?
এর আগে সংবাদ প্রকাশের জেরে ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধিকে টেকনাফের ইউএনও কায়সার খসরুর অকথ্য ভাষায় গালাগালির ঘটনায় তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।
আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আমি কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, গালাগালির ঘটনায় টেকনাফের ইউএনও কায়সার খসরুকে শোকজ করেছেন জেলা প্রশাসক। তাকে সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবকে পুরো বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বিভাগীয় কমিটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবেন।
এর আগে রোববার (২৪ জুলাই) সংবাদ প্রকাশের জেরে ঢাকা পোস্টের প্রতিবেদককে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট। কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিককে এ তথ্য আদালতকে জানাতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *