সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনও মরদেহের পরিচয় জানা যায়নি। এ নিয়ে সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জনে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল বুধবার রাত ১১টার দিকে মৃত্যু হয়েছে হাফেজ মুসা হায়দার (৪২) নামে এক ব্যক্তির।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন।
নিহতেরা হলেন- কুমিল্লার মো. সুমন (২১), বরিশালের ইসহাক মৃধা (৩৫), যাত্রাবাড়ীর মুনসুর হোসেন (৪০), নুরুল ইসলাম ভুঁইয়া ও মো. ইদ্রিস মীর (৬০), পুরান ঢাকার মো. ইসমাইল (৪২), ব্যবসায়ী মোমিন উদ্দিন সুমন ও সম্রাট, চাঁদপুরের আল আমিন (২৩), কেরানীগঞ্জের রাহাত (১৮), চকবাজারের মমিনুল ইসলাম (৩৮) ও নদী বেগম (৩৬), মুন্সিগঞ্জের মাঈন উদ্দিন (৫০), আবু জাফর সিদ্দিক (৩৪), হাফেজ মো. মুসা, পুরান ঢাকার বংশালের নাজমুল হোসেন (২৫), আকৃতি বেগম (৭০), হৃদয় ও আব্দুল হাসিম সিয়াম (৩৫) মানিকগঞ্জের ওবায়দুল হাসান বাবুল (৫৫) এবং নোয়াখালীর রবিন হোসেন শান্ত। তবে সবশেষ উদ্ধার করা মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি।