ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় আটক ৫

নাটোরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নিচাবাজার এলাকায় হাসপতাল রোডের মেমোরি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার কোতোয়ালি থানার সিয়াপাড়ার আব্দুস সালামের ছেলে সিরাজুল ইসলাম, খানজাহান থানার কুয়েটের ফুলবাড়ী গেট এলাকার হাসিব উদ্দিনের ছেলে আতিকুর রহমান, মুন্সিগঞ্জ সদর থানার গণকপাড়ার হযরত আলীর ছেলে মনিরুজ্জামান, ঢাকার পূর্ব রামপুরার আব্দুল হাই খানের ছেলে মাহবুব আলম খান এবং ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরার আলমাস আলী খানের ছেলে আরিফুর রহমান নয়ন।

মেমোরি ডায়াগনস্টিক সেন্টারের মালিক তৌকির রহমান তনু জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ইন্টারন্যাশনাল হিউমান রাইটস অ্যান্ড ডিটেকটিভ নিউজ সোসাইটির সদস্যরা নিজেদেরকে ম্যাজিস্ট্রেট ও সোসাইটির বিভিন্ন পরিচয় দিয়ে তার ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজির চেষ্টা চালায়। এসময় তাদের অসংলগ্ন আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা কামনা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।

নাটোরের লালপুরের গোপালপুর ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) তার কাছে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দিতে বাধ্য করেন তারা।

নাটোর সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, ‘আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *