বগুড়ায় হামলার ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপিসহ দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। রাষ্ট্রযন্ত্র এখন সম্পূর্ণরুপে মাফিয়াদের নিয়ন্ত্রণে। সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা কেবল বিরোধী দলীয় নেতাকর্মীরাই মারা যাচ্ছে না, ভাগ-বাটোয়ারা নিয়ে ক্ষমতাসীন দলের লোকেরা নিজেরাই একে অন্যকে হত্যা করছে। সত্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের রোষানলে পড়ে সাংবাদিকদেরও জীবন-প্রদীপ নিভিয়ে দেয়া হচ্ছে, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক বোরহান উদ্দীন মুজাক্কির সেই নির্মমতার শিকার হয়ে প্রাণ হারালেন। দেশে-বিদেশে তাদের সীমাহীন কুকীর্তি ফাঁস হওয়ার পরেও টনক নড়েনি। বরং নিজেরা খুন-খারাবীতে লিপ্ত রয়েছে। ‘

বিএনপি মহাসচিব এই দুই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *