বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়।
মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দিন মওদুদ এ তথ্য জানিয়েছেন।
হাসনা মওদুদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদকে আইসিইউতে নেওয়ার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি নড়াচড়া করতে পারছেন।
গত ১ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গতবছর ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। গত ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। ২১ জানুয়ারি পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দীন মওদুদ স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।