চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে যা বললেন মিথিলা

মডেলিং, উপস্থাপনা, নাচ, গান, ছোট পর্দায় অভিনয়সহ সবই করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। রুপালি পর্দায় তার পথচলা শুরু হওয়ার খবর শোনা গেলেও শেষ পর্যন্ত হয়ে উঠছিল না। যা একটু-আধটু শোনা যাচ্ছিল, করোনা ভাইরাস মহামারি এসে যেন তা আরও পিছিয়ে দিলো

অবশেষে চলচ্চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হলেন মিথিলা। অনন্য মামুনের ‘অমানুষ’ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করবেন তিনি। আগামী ২৪ মার্চ থেকে ঢাকায় ছবিটির চিত্রায়ন শুরু হবে। এরপর তারা যাবেন বান্দরবান ও রাঙামাটিতে। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য।

ব্যস্ততার কারণে এতদিন বড় পর্দা নিয়ে অত বেশি করে ভাবতে পারেননি বলে আজ দুপুরে ইত্তেফাক অনলাইনকে জানালেন মিথিলা। তার কথায়, ‘ব্র্যাক ইন্টারন্যাশানালের সঙ্গে ১৩ বছর ধরে যুক্ত আছি। এছাড়া আমার নিজের লেখাপড়া আছে। সন্তানকে সামলাতে হয়। চাকরির কারণে দেশের বাইরে আসা-যাওয়ার ব্যাপার ছিল। কিন্তু এখন করোনা মহামারির কারণে ভ্রমণটা একটু কমেছে। তাই সময় মিললো। এবার মনে হলো চলচ্চিত্রে পথচলাটা শুরু করি।’

অভিনয়ের প্রতি ভালোলাগার কথা উল্লেখ করেছেন আলাদাভাবে, ‘আমি অভিনয় ভালোবাসি। আমি একজন অভিনেত্রী। বিভিন্ন পরিসরে আমি অভিনয়টা করতে চাই। টিভি দিয়ে আমার শুরুটা হয়েছিল। করোনা মহামারির পর ওয়েব সিরিজে কাজ করছি। এবার বড় পর্দার দর্শকদের সামনে হাজির হচ্ছি।

কয়েকদিন আগে ভারতের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভে এসেছে মিথিলার ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ। গত বছর ভারতের আরেক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পায় মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজ ‘একাত্তর’। এতে সাংবাদিক রুহি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *