২০১৯ বিশ্বকাপের আগের কথা মনে আছে? সাকিব আল হাসান আইপিএল খেলতে তখন ভারতে। সবাই যখন ভাবছে সাকিব মত্ত টাকা উপার্জনে, তখন সবার আড়ালে কোচ সালাউদ্দিনকে নিয়ে নিজেকে প্রস্তুত করেন তিনি। এরপর যা হয়েছে বিশ্বকাপে, তা কি আর কখনো ভুলা যাবে!ওইদিন থেকে আজ, চার বছর পেড়িয়ে গেছে। আরো একটি বিশ্বকাপ দোরগোড়ায় দাঁড়িয়ে। এবারো তাই নিজেকে আলাদাভাবে প্রস্তুত করছেন সাকিব। তবে এবার আইপিএল নয়, এলপিএল খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তিনি। সেখানেই দেশ থেকে উড়িয়ে নিয়ে গেছেন ট্রেনার দেবাশীষ ঘোষকে।
এত বছর ধরে, যুগের পর যুগ পেড়িয়ে নিজের অবস্থান সেরার কাতারে ধরে রাখার সবচেয়ে বড় কারণটা ফের প্রকাশ্যে আনলেন সাকিব। কারণটা সাকিব নিজে৷ সাকিব নিজেকে খুব ভালো বুঝতে পারেন, তাই জানেন তার কখন কি করা উচিৎ আর কি করতে হবে। তাইতো দেশের বাইরে বসেও কাজ শুরু করেছেন নিজেকে নিয়ে।
সাকিব কখনো অতিরিক্ত পরিশ্রমী নয়, খুব বেশি যে সময় দেন অনুশীলনে, তা কখনোই নয়। অনুশীলন যা করার করেন প্রয়োজন বুঝে। সাকিবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন একবার বলেছিলেন, ‘সাকিবের বোঝার সামর্থ্য ভালো। সে অপ্রয়োজনে কোনো কিছু করে সময় কাটায় না। যা দরকার ঠিক তাই করে সে। বারবার তাকে কিছু বলতে হয় না।’
আরো বলেছিলেন, ‘খেলায় কোথায় কখন উন্নতি করা দরকার, সেটা সাকিব খুব ভালোমতো জানে। পরিশ্রমের মানদণ্ডে হয়তো ও সবার ওপরে কখনোই আসবে না। কিন্তু ও নিজের পারফরম্যান্স নিয়ে খুবই খুঁতখুঁতে। কখন কতটা পরিশ্রম করতে হবে, এ নিয়ে ওর নিজস্ব একটা ফর্মুলা আছে। তবে সাকিব নিজেকে আলাদা করেই চেনাতে চায়, সেরা হতে চায়।
হয়তো আরো একবার সাকিব নিজেকে চেনাতে চাচ্ছেন। চাচ্ছেন ২০১৯ বিশ্বকাপের মতো ভারতেও কিছু করতে।